বাংলাদেশ পুলিশ জেনারেল ড. মো. জাবেদ পাটোয়ারি বলেছেন, উপজেলা নির্বাচনে আইন-শৃঙ্খলা বিঘ্ন করার মতো কোন শক্তি, সে যে-ই হোক না কেন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সকল পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার চাঁদপুরে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন।
এ সময় আইজিপি বলেন, নির্বাচনের প্রস্তুতি সার্বিকভাবে সারা বাংলাদেশে সম্পন্ন করেছি। আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমরা কঠোর ও পেশাগত দায়িত্ব পালন করবো।
তিনি বলেন, বাংলাদেশের পুলিশ বাহিনী যথেষ্ট সক্ষম যে কোন ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য। আইন-শৃঙ্খলাকে সমুন্নত রাখার জন্য, আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য আমরা অতীতে ২০১৩-১৪ তে যখন একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সারা বাংলাদেশে আগুন সন্ত্রাস দিয়ে প্রচুর পুলিশের সদস্যকে হারিয়েছি আমরা। কিন্তু তারপরও আমরা সেই ধরনের অপতৎপরতা রুখে দিয়েছি।
‘ময়ূরপঙ্খী’ বিমানের ছিনতাই করা চেষ্টা সম্পর্কে জাবেদ পাটোয়ারী বলেন, বিমানের ছিনতাই নিয়ে তদন্ত চলছে। চিটাগং মেট্রোপলিটন পুলিশের সিটি ইউনিট তা করছেন। এই রকম একটি বিষয়ে তদন্ত করতে সময় দিতে হবে।
৭ মার্চ স্মরণ করে আইজিপি বলেন, জাতির পিতা যে মহাকাব্য রচনা করে গেছেন, এই মহাকাব্য ইতিপূর্বে কেউ রচনা করতে পারেনি। তার পরে আজ পর্যন্ত যতো রাজনীতিবিধ এসেছেন কেউ এই ধরনের মহাকাব্য রচনা করতে পারেননি। তার একটি মহাকাব্যে সেই সময়ে সারা বাংলাদেশের মানুষকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছিলেন। তার ডাকে বাংলার সকল মানুষ একত্রিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীন করেন। বঙ্গবন্ধুর আদর্শে আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করে যাব।
পরে তিনি বিকেলে চাঁদপুর জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চাঁদপুর পুলিশ সুপার জিহাদুল কবিরসহ পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।