ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ মাঠে গড়াচ্ছে শুক্রবার। প্রথম দিনই মাঠে নামতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। মিরপুরে দলটির প্রতিপক্ষ বিকেএসপি।
আবাহনীতে গতবারের মতো এবারো রয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। নিউজিল্যান্ড সফর থেকে ফিরে আপাতত তিনি ভারতে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। কিন্তু নড়াইল এক্সপ্রেসকে কবে থেকে পাচ্ছে আবাহনী? প্রশ্নটির উত্তর জানা নেই দলটির কোচ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের কাছে। এমনকি মাশরাফী যে ভারতে গেছেন সেটিও নাকি জানেন না বিসিবির অন্যতম এই পরিচালক।
বিশ্বকাপ খুব কাছে বলে এবার প্রিমিয়ার লিগের প্রতি জাতীয় দলের তারকাদের খুব একটা আগ্রহ নেই। তামিম ইকবাল ও মুশফিকুর রহিম তো খেলবে না বলে প্লেয়ার্স ড্রাফটেই নিজেদের নাম তোলেননি। চোটের কারণে একই পথে হেঁটেছেন সাকিব আল হাসান। অন্যদের কাছ থেকেও খুব বেশি সার্ভিস পাবে না ক্লাবগুলো। তবে কয়েকটি করে ম্যাচ মাশরাফী সহ অনেক খেলোয়াড়রাই খেলবেন।
কিন্তু মাশরাফী কবে থেকে খেলবেন আবাহনীর হয়ে? বৃহস্পতিবার সাংবাদিকদের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুজন বললেন, ‘‘মাশরাফীর কথা ছিল ১০ তারিখের পর (দ্বিতীয় রাউন্ড) থেকে সব ম্যাচ খেলার। ভেবেছিলাম দ্বিতীয় ম্যাচ থেকেই মাশরাফীকে পাব। কিন্তু দুর্ভাগ্যবশত ও দেশের বাইরে।’’
সুজন বলেন, ‘‘আমি জানিও না কবে গেছে, আমার সাথে যোগাযোগ হয়নি ওইভাবে। ও আসার পর হয়তো জানা যাবে কবে খেলবে। হয়তো তিন ম্যাচ খেলতে পারবে না।’’
মাশরাফী নেই, তাই আবাহনীর অধিনায়কত্ব থাকবে মোসাদ্দেক হোসেন সৈকতের হাতে। প্রিমিয়ার টি-টোয়েন্টিতেও দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে গতবার মাশরাফী আবাহনীতে খেললেও অধিনায়কত্ব করেননি। এবারও কি সেই পথেই হাঁটবেন মাশরাফী?
সুজন জানালেন কাগজে কলমে অধিনায়ক নাসির হোসেন থাকলেও আসল অধিনায়ক ছিলেন মাশরাফীই, ‘‘গতবার মাশরাফী ছিল, নামে নাসির ছিল আর কি। মাশরাফী থাকা মানেই একটা বড় ব্যাপার। হ্যাঁ নাসির আমাদের অধিনায়ক ছিল সেটা সত্যি কথা। তবে মাশরাফী দলে থাকলে মাঠ নিয়ন্ত্রণ করা সহজ। অবশ্যই ওর সাহায্য তো ছিলই।’’
এবার মাশরাফী দেশে ফিরলে তাকেই অধিনায়কত্বের দায়িত্ব নিতে বলবে আবাহনী। সুজন জানালেন সেটিও, ‘‘নাসিরও অনেক অভিজ্ঞ ক্রিকেটার ছিল গতবার। আমি মনে করি মোসাদ্দেকও খারাপ হবে না। তবে মাশরাফী আসলে মাশরাফীকেই অনুরোধ করা হবে অধিনায়ক হওয়ার জন্য।’’