পুরান ঢাকায় তুলা ও টায়ারের গোডাউনে আগুন, আতঙ্ক

পুরান ঢাকার নবাবপুরে একটি ছয়তলা ভবনে থাকা তুলা ও টায়ারের গোডাউনে গতকাল বৃহস্পতিবার অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও পুরো পুরান ঢাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাসেল শিকদার দেশ রূপান্তরকে জানান, দুপুর আড়াইটার দিকে মানসী সিনেমা হলের সামনে ৬২/এ নম্বর ছয়তলা আরাফাত প্লাজায় অগ্নিকা-ের ঘটনাটি ঘটে। বাড়িটির পঞ্চম তলায় তুলার গোডাউন। আর ষষ্ঠ তলায় পুরনো টায়ারের গোডাউন। দুটি গোডাউনের মধ্যে একটির মালিক মিঠু। আরেকটির মালিক রহমান। প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করেই বাড়িটির পঞ্চম তলার দিক থেকে ধোঁয়া বেরোতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে ধোঁয়াও বাড়তে থাকে। এ সময় স্থানীয়রা আগুন আগুন বলে চিৎকার করে। ভবনের সব লোক নিচে নেমে যায়। বন্ধ হয়ে যায় আশপাশের দোকানপাট।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাসেল শিকদার বলেন, ছয়তলা ভবনে তুলা ও টায়ারের গোডাউন থাকায় আগুন লাগার পরপরই প্রচণ্ড ধোঁয়ার কু-লী বের হতে থাকে। এতে মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিকেল সোয়া ৪টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকা-ের ঘটনাটি ঘটতে পারে। আর কোনো কারণ আছে কি না খতিয়ে দেখা হচ্ছে। তিনি দাবি করেন, সব মিলিয়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা অন্তত ৫০ লাখ টাকার মালামাল প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার করেছে।