শেষ ষোলোর প্রথম লেগে দিনামো কিয়েভকে উড়িয়ে দিয়েছে চেলসি। এই জয়ে উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।
স্ট্যামফোর্ড ব্রিজে বৃহস্পতিবার রাতের ম্যাচটিতে ৩-০ গোলের জয় পায় চেলসি।
প্রথমার্ধে পেদ্রো দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন উইলিয়ান। আর শেষ দিকে অতিথিদের কফিনে শেষ পেরেক ঠুকেন তরুণ উইঙ্গার ক্যালাম হাডসন ওদোই।
কিয়েভকে উড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে জয়ধারাও ধরে রাখল চেলসি। সব ধরনের প্রতিযোগিতায় গত তিন ম্যাচের সবকটিতেই জয় পেল তারা।
আগামী বৃহস্পতিবার ফিরতি পর্বে কিয়েভের মাঠে ফিরতি লেগ খেলতে যাবে চেলসি।
এদিকে ইউরোপা লিগে দিনের অপর ম্যাচে বড় ধাক্কা খেয়েছে ইংলিশ লিগের আরেক ক্লাব আর্সেনাল। ফরাসি ক্লাব রেনের মাঠে শেষ ষোলোর প্রথম লেগে ৩-১ গোলে হারায় কোয়ার্টার-ফাইনালে ওঠা নিয়ে বড় অনিশ্চয়তায় পড়ে গিয়েছে দলটি।