কঙ্গনার তির্যক মন্তব্যে কী বললেন আলিয়া?

একের পর এক তির্যক মন্তব্য করেও আলিয়া ভাটকে কুপোকাত করতে পারলেন না কঙ্গনা রনৌত। মহেশ ভাটের মেয়ে ধৈর্যের সঙ্গে মোকাবিলা করে যাচ্ছেন ঠোঁটকাটা নায়িকাকে।

“রণবীর-আলিয়ারা দেশ নিয়ে মাথা ঘামান না, তারা রাজনৈতিক কোনো বিষয়ে মতামত রাখেন না, তারা শুধুই ক্যারিয়ার নিয়ে ব্যস্ত।”

সম্প্রতি ‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ নিয়ে একটি অনুষ্ঠানে গিয়ে এমনই মন্তব্য করেছেন কঙ্গনা। তারই পাল্টা জবাব দিলেন আলিয়া ভাট।

তিনি বলেন, “কঙ্গনা যেভাবে কথা বলেন, যেভাবে রাজনীতি নিয়ে নিজের মতাদর্শ প্রকাশ করেন, আমার সেই ক্ষমতা বা দক্ষতা নেই। উনি ভালো বক্তা। আমি কঙ্গনাকে তার যোগ্যতার জন্য, কথা বলার পারদর্শিতার জন্য শ্রদ্ধা করি, কুর্নিশ জানাই।”

আলিয়া বলেন, “তবে হ্যাঁ, কঙ্গনা ঠিকই বলেছে, আমরা অনেক সময়ই চুপ থাকি। অনেক সময় আমাদের মনে হয়, বলে কী হবে, সবাই তো বলছে। আমার বাবা সব সময় বলেন, সব বিষয়ে কথা বলতে নেই। অবশ্যই আমার মতামত থাকে তবে আমি সেটা নিজের মধ্যেই রাখি।”

সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর কাপুর মন্তব্য করেন, “আমার বাড়িতে তো কোনো সমস্যা নেই, আমার বাড়িতে বিদ্যুৎ, পানি সবই আসে। তাহলে কেন আমি খামোখা রাজনীতি নিয়ে মাথা ঘামাবো?”

এই মন্তব্যের কারণেই কামান দাগেন কঙ্গনা। আলিয়া জবাব দিলেও রণবীর কোনো প্রতিক্রিয়াই দেখাননি।

এদিকে একই প্রসঙ্গে রণবীরের পাশে দাঁড়ান জন আব্রাহাম। তিনি বলেন, “কঙ্গনা রাজনীতি বোঝেন, তিনি ভালো কথা বলতে পারেন, তাই মন্তব্য করেন, আমি সেটার প্রশংসা করি।”

“তবে যে সত্যিই রাজনীতি বোঝেন না, তার প্রকৃত পরিস্থিতি না বুঝে মন্তব্য করার থেকে চুপ থাকাই বাঞ্ছনীয়। তাই যে সত্যিই রাজনীতি বোঝে না তাকে মন্তব্য করতে বলা বোকামো ছাড়া আর কিছুই নয়। আর তাছাড়া শুধুমাত্র নিজের প্রচারের জন্যও কোনো কিছু না বুঝে মন্তব্য করাও ঠিক নয় বলে মন্তব্য করি।” সঙ্গে এ কথাও বলেন জন।