পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া দলে ডাক পেলেন না নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার দ্বারপ্রান্তে থাকা স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। চোটের কারণে দলে নেই তারকা পেসার মিচেল স্টার্কও।
গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বল টেম্পারিংয়ের দায়ে নিষেধাজ্ঞা পান স্মিথ ও ওয়ার্নার। ২৮ মার্চ শেষ হবে আন্তর্জাতিক ক্রিকেটে তাদের উপর এই নিষেধাজ্ঞার খরগ। সংযুক্ত আরব আমিরাতে ২২ মার্চ থেকে শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা ছিল এই দুই তারকা ক্রিকেটারের।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে খেলতে এসে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন স্মিথ ও ওয়ার্নার। লিগামেন্টে চোট পান স্মিথ; ওয়ার্নারের ছিল কনুইয়ের চোট। কিন্তু চোট পুরোপুরি কাটিয়ে না ওঠায় পাকিস্তানের বিপক্ষে ১৫ সদস্যের দলে ডাক মেলেনি তাদের।
অস্ট্রেলিয়া দলের প্রধান নির্বাচক ট্রেভর হনস জানালেন, “ওদের নিষেধাজ্ঞা শেষ হবে ২৮ মার্চ। সার্জারির পর ওরা পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।”
“ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তাদের মঞ্চ হতে পারে। ডেভিড ওয়ার্নার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবে; স্টিভেন স্মিথ রাজস্থান রয়্যালের হয়ে।”
অবশ্য সামনে বিশ্বকাপ ও অ্যাশেজ থাকায় তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছেন হনস, “ক্রিকেট অস্ট্রেলিয়া স্মিথ ও ওয়ার্নারের উন্নতি পর্যবেক্ষণে রাখবে। কারণ সামনেই আইসিসি বিশ্বকাপ ও অ্যাশেজ।”
অস্ট্রেলিয়া দলে নেই মিচেল স্টার্কও। শ্রীলঙ্কার বিপক্ষে ক্যানবেরা টেস্টে খেলার সময় বুকের মাংসপেশীতে চোট পেয়েছিলেন তিনি।
অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন টার্নার, ঝাই রিচার্ডসন, উসমান খাজা, মার্কাস স্টয়নিস, কেইন রিচার্ডসন, শন মার্শ, অ্যালেক্স ক্যারেই, জেসন বেহরেনডর্ফ, পিটার হ্যান্ডসকম্ব, প্যাট কামিন্স, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, নাথান কোল্টার নাইল ও অ্যাডাম জাম্পা।