উপজেলা পরিষদ নির্বাচন

নৌকা প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর, পাল্টাপাল্টি ধাওয়া

উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনার পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের ১৬ জন আহত হন।

আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহতরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের জাহিদুল ইসলাম সুজনের সমর্থক জলিল খান, টিটু খান, জনি খান, রিপন ফকির, ফারুক ফকির, লুৎফুর খান, খোকন খান, দেলোয়ার খান এবং স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মাসুদ আলম তালুকদারের সমর্থক মজিবুর রহমান, লাক মিয়া, মো. আ. লতিফ, মো. ফারুক মিয়া, সুমন মিয়া, কাসেম মিয়া, রতন মিয়া, আ. রশিদ বেপারী।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে পূর্বধলা উপজেলার হিরনপুর বাজারে এই ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বাজারে নৌকার নির্বাচনী অফিসের চেয়ার-টেবিলসহ বাজারের চারটি দোকান ভাঙচুর করে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বতন্ত্র প্রার্থী মাসুদ আলম তালুকদারের সমর্থকরা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম সুজনের নির্বাচনী অফিস ভাঙচুর করে। এরই জের ধরে উভয় পক্ষে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিত শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নৌকার প্রার্থী জাহিদুল ইসলাম সুজন এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং সাংসদের নির্দেশে এই ধরনের ন্যক্কারজনক কাজ হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি জানান, বর্তমান সাংসদ ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীকের সমর্থক স্বতন্ত্র প্রার্থী মাসুদ আলম তালুকদার।

অন্যদিকে আনারস প্রতীকের প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।