কলম পুড়িয়ে খেলতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু

বেনাপোল পাঠবাড়ী এলাকায় বাদশা মিয়ার বাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে  শুক্রবার দুপুরে তোহা খাতুন নামে  চার বছরের এক শিশুকন্যা মারা গেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাদশা মিয়ার মেয়ে তোহা খাতুন রান্না ঘরের গ্যাসের চুলায় কলম পুড়িয়ে খেলছিল। এ সময় কলমের গরম গলিত অংশ গ্যাসের চুলার পাইপের ওপর পড়লে পাইপ ছিদ্র হয়ে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে তার সারা শরীর ঝলসে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোরে একটি হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাদশা মিয়ার স্ত্রী সুমাইয়া খাতুন সে সময় বাড়ির বাইরে ছিলেন বলে জানান।