নামকাওয়াস্তে আন্দোলন করে বিএনপি কারাবন্দী খালেদা জিয়াকে মুক্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
তিনি বিএনপিসহ অন্যান্য দলের নির্বাচিতদের সংসদে এসে সরকারে ভুল ধরিয়ে দিয়ে কঠোর সমালোচনার আহ্বান জানিয়ে বলেন, অন্য পথে শুধু প্রেস ব্রিফিং করে, নামকাওয়াস্তে কয়েকটি লোক দেখানোর আন্দোলন করে আপনাদের নেত্রীকে মুক্ত করতে পারবেন না।
শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ১৪ দলের এক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন মোহাম্মদ নাসিম। এ সময়ে ১৪ দলের পক্ষ থেকে মার্চ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন তিনি ।
নাসিম বলেন, সামনে স্থানীয় নির্বাচন হতে যাচ্ছে। স্থানীয় নির্বাচনে সব দলের লোকজন অংশগ্রহণ করে তবে দুঃখজনক হলো দেশের একটি বড় দল এ নির্বাচনে অংশগ্রহণ করছে না। নির্বাচন বর্জন করে গত কয়েক বছরের তারা নির্বাচন ভন্ডুল করতে পারে নাই। আবারও তারা নির্বাচন বর্জন করে ভুল পথে গিয়ে দলকে ধ্বংস করে দিচ্ছে।
১৪ দলের মুখপাত্র বলেন, নির্বাচন বর্জনের পথ পরিহার করে জনগণকে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে বাধা সৃষ্টি করবেন না।
নাসিম বলেন, স্থানীয় নির্বাচনকে সুষ্ঠু করার জন্য প্রশাসন ও নির্বাচন কমিশনকে বলব, যা যা করণীয় তা করবেন। কোন প্রার্থীর মুখ দেখে কোন পদক্ষেপ গ্রহণ করবেন না। নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে এটা প্রধানমন্ত্রীও চান। স্থানীয় নির্বাচনে কোনো এমপি-মন্ত্রী হস্তক্ষেপ করবেন না।
মার্চ মাসব্যাপী ১৪ দলের কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, ১৯ মার্চ আলোচনা সভা, ২৫ মার্চ গণহত্যা দিবসের স্মরণ সভা, ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালন ও ২৮ মার্চ স্বাধীনতা দিবসের ওপর আলোচনা সভা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।