মেননকে সংসদ থেকে বের করে দেওয়ার দাবি হেফাজতের

ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে সংসদ থেকে বের করে দেওয়ার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী।

পাশাপাশি, জাতীয় সংসদে সম্প্রতি দেওয়া এক বক্তব্যে মেনন মাদ্রাসা শিক্ষা এবং আহমেদ শফীর ব্যাপারে কটূক্তি করেছেন বলে অভিযোগ এনে তা প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বক্তব্য প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির মহাসচিব।

শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম উত্তর গেটে এক সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়। হেফাজত মহাসচিব বলেন, ‘মেননের মতো আরও যারা নাস্তিক আছে, শাহরিয়ার কবিরসহ কাউকে ছাড়া হবে না। মেননকে সংসদ থেকে বের করা না হলে উলামায়ে কেরাম ও ইসলামি জনতা কঠোর অবস্থানে যাবে’।

দেশে কওমি মাদ্রাসা সাধারণ মুসলমানদের মধ্যে দীনের বিশাল অবদান রেখেছে এবং দেশকে সঠিক পথে পরিচালিত করতে, অন্যায়মুক্ত দেশ গড়তে আলেমদের অবদানের কথা উল্লেখ করে বাবুনগরী বলেন, ‘তাদের নিয়ে ধৃষ্টতা দেখানোর সাহস মেননরা কীভাবে পান। আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার বক্তব্য ফিরিয়ে নেওয়ার অনুরোধ করছি। না হলে এ দেশের তাওহিদি জনতা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে’।

কাদিয়ানিদের পক্ষে কথা বলায় মেনন ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন দাবি করে বাবুনগরী বলেন, ‘রাশেদ খান মেনন মারা গেলে তার জানাজা ও মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। মেনন-ইনুদেরকে এদেশের মাটি গ্রহণ করবে না।’

মাওলানা নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী, মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ, মাওলানা নুরুল ইসলাম জেহাদী, আহমদ আবদুল কাদের, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আবদুল রব ইউসুফী, মাওলানা আবুল হাসানাত আমিনী প্রমুখ।