আবারো অস্ত্রসহ শাহজালাল বিমানবন্দরের তল্লাশি পার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আবারো প্রশ্নের মুখে পড়েছে। শুক্রবার সকালে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে অস্ত্রসহ তল্লাশি পার হয়েছেন আরেক ব্যক্তি। 
শাহজালালের এভিয়েশন সিকিউরিটির (এভসেক) পরিচালক নূরে আলম সিদ্দিকী দেশ রূপান্তরকে রাতে এসব তথ্য জানিয়ছেন। 
ওই যাত্রীর নাম মামুন আলী বলে বিমানবন্দর সূত্র জানিয়ছে। সিলেট যাওয়ার উদ্দেশে তিনি বিমানবন্দরের টার্মিনাল পার হন। 
এর আগে খেলনা পিস্তল দিয়ে বিমান ছিনতাইয়ের চেষ্টা ও মঙ্গলবার চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পিস্তল ধরতে না পারার ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ে। 
নূরে আলম সিদ্দিকী জানান, ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস ১৩১ ফ্লাইটে সিলেটে যাওয়ার জন্য সকাল সাড়ে ১১টার দিকে অভ্যন্তরীণ টার্মিনালে আসেন মোহাম্মদ মামুন আলী। তার সঙ্গে পিস্তল ও সাত রাউন্ড গুলি থাকলেও বিমানবন্দরে প্রবেশের সময় কোনো ঘোষণা না দিয়েই ভেতরে প্রবেশ করেন তিনি। অভ্যন্তরীণ টার্মিনালের প্রথম গেটের আর্চওয়েতে তার শরীর তল্লাশি করেন আনসার সদস্য রিপন। আর্চওয়ে পার হওয়ার পরেও মামুনের সঙ্গে থাকা অস্ত্র শনাক্ত করতে পারেননি সেখানের নিরাপত্তাকর্মীরা। 
তিনি জানান, তখন মামুন নিরাপত্তাকর্মীদের সামনে পিস্তল বের করেন এবং লাইসেন্সও দেখান। পরবর্তীতে যাত্রী মামুন পিস্তল ও গুলি এয়ারলাইন্সের মাধ্যমে নিয়ম মেনে সঙ্গে করে সিলেটে নিয়ে যান।
নূরে আলম সিদ্দিকী বলেন, মামুন আলীর বিষয়ে খোঁজ নেয়া হচ্চে। তিনি কেন ঘোষণা না দিয়ে পিস্তল নিয়ে বিমানবন্দরে এসেছেন তা বোধগম্য নয়। এ ঘটনায় বিস্তারিত তদন্ত হবে।