কেব্ল টিভির পরিবর্তে অনলাইন টিভির দিকে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। তার প্রমাণ পাওয়া যাচ্ছে নিউ ইয়র্কভিত্তিক আর্থিক ও ডেটাসেবা প্রদানকারী এবং মিডিয়া কোম্পানি ব্লুমবার্গের একটি প্রতিবেদন থেকে। তারা জানিয়েছে, টাকা খরচ করে ইউটিউব টিভি দেখেন এমন ব্যবহারকারী এখন ১০ লাখ।
গুগলের এই প্রতিষ্ঠানটি কখনো নিজেদের ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ করেনি। তাদের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ব্যবহারকারীর তথ্য দেন। অনলাইন ভিত্তিক আরেকটি জনপ্রিয় টিভি হুলু। তাদের ব্যবহারকারী আরও বেশি, প্রায় ২০ লাখ।
ইউটিউব টিভি শুধুমাত্র আমেরিকায় দেখা যায়। অস্ট্রেলিয়া, কানাডায় দেখতে হলে ‘বিশেষ প্রক্রিয়া’ অবলম্বন করতে হয়। ইউটিউব টিভি দেখতে হলে মাসে ৪০ ডলার খরচ করতে হয়। একটি বাড়িতে ছয়টি অ্যাকাউন্ট খোলা যায়। একাধিক চ্যানেল থেকে নিজের পছন্দের অনুষ্ঠান দেখা যায়। অনুষ্ঠানের সময় আসলে নোটিফিকেশন চলে আসে। ইচ্ছামতো রেকর্ডও করা যায়।