খিলক্ষেতে ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ১০০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তল্লাশি চালিয়ে তাদের ধরা হয় বলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) ওবায়দুর রহমান জানান। এছাড়া শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য বিক্রি ও সেবনের অভিযোগে ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ কর্মকর্তা ওবায়দুর দেশ রূপান্তরকে বলেন, খিলক্ষেত এলাকা থেকে একটি কাভার্ড ভ্যানের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশের একটি দল। গাড়ি থেকে শুক্কুর মিয়া (৪০) ও চালক মনির হোসেনকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

এদিকে ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর ডিএমপির বিভিন্ন থানা থেকে আটক হওয়া ৬৫ জনের কাছ থেকে ইয়াবা, হেরোইন, গাঁজাসহ বিভিন্ন মাদক উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১টি মামলা হয়েছে।