বড় জয়ে শিরোপার আরো কাছে ইউভেন্তুস

দলে ছিলেন না আক্রমণভাগের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদো ও পাওলো দিবালা। এই সুযোগে একাদশে সুযোগ পেয়ে জ্বলে উঠলেন টিনেজার মইজে কিন। তাতে পয়েন্ট টেবিলের নিচের সারির দল উদিনেসেকে স্রেফ উড়িয়ে দিল ইউভেন্তুস। আরো এগিয়ে এল সেরি আ শিরোপা ধরে রাখার পথে।

শুক্রবার নিজেদের মাঠে ইতালির সর্বোচ্চ লিগের ম্যাচটিতে উদিনেসেকে ৪-১ গোলে হারায় ইউভেন্তুস।

প্রথমার্ধে জোড়া গোল করে স্বাগতিকদের এগিয়ে নেন কিন। বিরতির পর স্পট কিক থেকে দলকে তৃতীয় গোল এনে দেন এমরি কান। আর ৭১তম মিনিটে অতিথিদের কফিনে শেষ পেরেক ঠুকেন ফরাসি মিডফিল্ডার ব্লেইস মাতুইদি।

ম্যাচের নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ছয় মিনিট আগে সান্ত্বনাসূচক গোলটি পায় উদিনিসে।

চলতি সেরি আয় এখন পর্যন্তই অপরাজিত টানা অষ্টমবারের মতো শিরোপা জয়ের লক্ষ্যে থাকা ইউভেন্তুস। ২৭ ম্যাচে ২৪ জয় ও তিন ড্রয়ে দলটির পয়েন্ট ৭৫। দ্বিতীয়স্থানে থাকা নাপোলি থেকে ১৯ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে তারা।