জীবিতদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী কে?

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে ১১৭ বছর বয়স নিয়ে রেকর্ড গড়েছিলেন এক জাপানি নারী। গত জুলাইতে তিনি মারা যাওয়ার পর পৃথিবীর সবচেয়ে বেশি বয়সী মানুষের পরিচয় নিয়ে কিছুটা বিতর্ক ছিল। গিনেস বুক সেই বিতর্কের অবসান ঘটিয়েছে।

দ্য হিন্দু জানিয়েছে, নতুন রেকর্ড অনুসারে সবচেয়ে বেশি বয়সী মানুষের বয়স এখন ১১৬ বছর। তিনিও জাপানি। তাকে সম্প্রতি সংবর্ধনা দিয়েছে গিনেস বুক।

বিভিন্ন রেকর্ড নিবন্ধনের বৈশ্বিক এই সংস্থা জানিয়েছে ওই নারীর নাম কেন তানাকা। তিনি বর্তমানে ফুকুওকার একটি নার্সিং হোমে থাকেন। সংবর্ধনা দেওয়ার সময় শহরের মেয়র এবং তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

তানাকা জন্মগ্রহণ করেন ১৯০৩ সালের ২ জানুয়ারি। আট ভাই-বোনের মধ্যে তিনি সপ্তম। ১৯২২ সালে হিডেও তানাকাকে বিয়ে করেন। তাদের চার সন্তান। আরেকজনকে দত্তক নিয়েছেন।

কেন জানান তিনি এখনো ভোর ৬টায় ঘুম থেকে ওঠেন। নিয়মিত অঙ্ক করেন।

জীবিতদের মধ্যে আগের বেশি বয়স্ক নারী বেঁচে ছিলেন ১১৭ বছর। তার নাম ছিল চিইও মিয়াকো। মিয়াকোর পরে সবচেয়ে বেশি বয়সী মানুষ ছিলেন মাসাজো নোনাকা। তিনি বাঁচেন ১১৩ বছর।