কয়েক দিন আগে গায়ে আগুন নিয়ে র্যাম্পে উঠে হইচই ফেলে দেন অক্ষয় কুমার। ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম আমাজন প্রাইমের শো ‘দ্য এন্ড’-এর পরিচিতি অনুষ্ঠানের জন্য দুর্দান্ত স্টান্ট করেন তিনি। নতুন খবর হলো, এ অনুষ্ঠানের জন্য আকাশছোঁয়া পারিশ্রমিক পাচ্ছেন বলিউডের খিলাড়ি।
সমসাময়িক তিন খানের মতোই সিনেমায় এককালীন পারিশ্রমিকের বদলে লভ্যাংশ ভাগাভাগি করেন অক্ষয়। তবে ডিজিটাল প্ল্যাটফর্মের এ অনুষ্ঠানের জন্য একসঙ্গে ৯০ কোটি রুপি পাচ্ছেন তিনি।
এশিয়ান এজের এক প্রতিবেদনে বলা হয়, সব মিলিয়ে ৯০ কোটি রুপি পাচ্ছেন। এ অঙ্ক শুধু প্রথম সিজনের জন্য। অনুষ্ঠানটি কয়েক সিজন নির্মাণের পরিকল্পনা রয়েছে আমাজনের।
প্রথমে ডিজিটাল সিরিজে সম্মত ছিলেন না অক্ষয়। কিন্তু আমাজন নাছোড়বান্দার মতো লেগেছিল ‘বেবি’ অভিনেতার পেছনে। ছেলে আরাভের আগ্রহের কারণেই ‘দ্য এন্ড’-এ চুক্তিবদ্ধ হন অক্ষয়।
‘দ্য এন্ড’ কী ধরনের অনুষ্ঠান হতে যাচ্ছে- তা এখনো পরিষ্কার নয়। এ বিষয়ে মুখ খোলেননি নির্মাণ সংশ্লিষ্ট কেউ। তবে শোনা যাচ্ছে, ‘দ্য এন্ড’ চূড়ান্ত নাম নয়, ওয়ার্কিং টাইটেল হিসেবে ব্যবহার করা হচ্ছে শুধু।
এরপর আমাজন সালমান খানের মতো সুপারস্টারকেও চাইছে অন্য সিরিজের জন্য। কিন্তু ভাইজানের শিডিউল পাওয়া মোটামুটি সাধনার ব্যাপার। বর্তমানে ‘ভারত’ নিয়ে ব্যস্ত আছেন সালমান। পাইপ লাইনে আছে ‘দাবাং থ্রি’ ও ‘হাম দিল দে চুকে সনম টু’। এ ছাড়া ‘দশ কা দশ’ ও ‘বিগ বস’-এর মতো জনপ্রিয় রিয়্যালিটি শো’র হোস্ট সালমান।