বলিউডে বিয়ের ধুম পড়েছে। নভেম্বর-ডিসেম্বরের মৌসুম তারকারা বেছে নিচ্ছেন সাত পাকে জড়ানোর জন্য। ২০১৭ সালে শুরু হওয়া সে ট্রেন্ড চলতি বছরেও বজায় থাকবে।
শোনা যাচ্ছে, বলিউডের এই সময়ের সবচেয়ে চর্চিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে তারিখ ঠিক হবে এপ্রিলে। গ্রীষ্মেই বিয়ে করতে চলেছেন ফারহান আখতার ও শিবানি দান্ডেকার। তার মাঝে যুক্ত হলো নতুন খবর। আলিয়ার সঙ্গে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমায় অভিষেক হওয়া বরুণ ধাওয়ানও বিয়ে করতে যাচ্ছেন।
বহুদিন ধরে প্রেম করছেন বরুণ ও নাতাশা দালাল। এবার সেই সম্পর্ককে আরও একধাপ এগোতে প্রস্তুত তারা।
বলিউডের একাধিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, চলতি বছরের ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বরুণ-নাতাশা। দুই পরিবারের পক্ষ থেকে শুরু হয়ে গেছে প্রস্তুতি।
তারা যে শিগগিরই বিয়ে করতে চলেছেন সে খবর অবশ্য প্রথম বরুণই শেয়ার করেছিলেন ‘কফি উইথ করণ’-এর সেটে।
বর্তমানে বরুণ ব্যস্ত আছেন পরের ছবি ‘কলঙ্ক’-এর প্রচারণায়। ১৯৪০ এর দশকের আবহে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন অভিষেক বর্মণ। প্রযোজনা করেছেন করণ জোহর। আরও আছেন সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, সোনাক্ষী সিনহা ও আলিয়া ভাটসহ অন্যরা। সিনেমাটি মুক্তি পাবে ১৯ এপ্রিল।