হলিউড তারকা জুলিয়া রবার্টসের জনপ্রিয় সিনেমা ‘স্লিপিং উইথ দ্য এনিমি’র রিমেক হতে যাচ্ছে। ১৯৯১ সালের সিনেমাটিতে এই সুপারস্টার বেপরোয়া নারীর চরিত্রে অভিনয় করেন। যিনি নকল মৃত্যুর খবর ছড়িয়ে নির্যাতক স্বামীর হাত থেকে বাঁচার চেষ্টা করেন।
এইস শোবিজ জানায়, ২৮ বছর পর ‘স্লিপিং উইথ দ্য এনিমি’ নতুনভাবে তৈরির উদ্যোগ নিয়েছে ফক্স সার্চলাইট পিকচার্স। চলতি সময়ের আবহে নির্মিত হবে সিনেমাটি। গল্প ও চিত্রনাট্যের পাশাপাশি পরিচালনা করবেন নিয়া ডাকস্টা। শিগগিরই বিস্তারিত জানানো হবে।
পরিচালনায় ডাকস্টা একদমই নতুন। তার প্রথম সিনেমা ‘লিটল উডস’ মুক্তি পাবে এপ্রিলে। এতে পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া বোনের অভিনয় করেছেন টেসা থম্পসন ও লিলি জেমস।
মূল ‘স্লিপিং উইথ দ্য এনিমি’তে আরও অভিনয় করেন প্যাট্রিক বারজিন ও কেভিন এন্ডারসন। পরিচালনা করেন জোসেফ রুবেন। সিনেমাটি নির্মিত হয় ১৯৮৭ সালে প্রকাশিত ন্যানসি প্রাইসের একই নামের উপন্যাস অবলম্বনে।
‘স্লিপিং উইথ দ্য এনিমি’ মুক্তি পায় ১৯৯১ সালে ৪ ফেব্রুয়ারি। সমালোচকদের নেতিবাচক মন্তব্যের পরও দর্শকদের মনোযোগ কেড়ে নেয়। ১.৯ কোটি ডলারের বিপরীতে আয় করে সাড়ে ১৭ কোটি ডলার। নারী কেন্দ্রিক সিনেমা হিসেবে বক্স অফিসে রেকর্ড্ও গড়ে।
সিনেমাটির একাধিক রিমেক হয়েছে। এর মধ্যে ভারতে তৈরি হয়েছে বিভিন্ন ভাষায়। হিন্দি সংস্করণের মধ্যে রয়েছে ইয়ারানা, অগ্নিসাক্ষী ও দারার। অন্যদিকে বাংলাদেশে নির্মিত হয়েছে সাগরিকা (ঋতুপর্ণা সেনগুপ্ত, হুমায়ূন ফরীদি ও আমিন খান) ও রাঙা বউ (ঋতুপর্ণা সেনগুপ্ত, হেলাল খান ও আমিন খান) নামে।