সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে ।
শনিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, উপজেলার সুরমা ইউনিয়নের টেংরাটিলা বাজারে আওয়ামী লীগ প্রার্থী ডা. আব্দুর রহিম ও স্বতন্ত্র প্রার্থী তানভীর আশরাফি বাবুর সমর্থকদের মধ্যে নির্বাচন নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের ১২ জন আহত হয়। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।