স্বপ্ন বাস্তবায়নে অধ্যবসায়ী হতে হবে: আলমগীর কবির

জীবনে বড় হতে হলে স্বপ্ন দেখতে হবে উল্লেখ করে সাউথইস্ট ব্যাংক লিমিটেড ও সাউথইস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আলমগীর কবির (এফসিএ) বলেছেন, ‘সেই স্বপ্ন বাস্তবায়নে অধ্যবসায়ী হতে হবে। কখনো অন্যায়ের কাছে মাথানত করা যাবে না। সততার বিষয়ে কোন আপস করা যাবে না। আমার জীবনের সবচেয়ে বড় শক্তি সততা।’

শনিবার রাজধানীর অফিসার্স ক্লাবে সাউথইস্ট ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি প্রাপ্ত উচ্চমাধ্যমিক স্তরের দুই‘শত শিক্ষার্থীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, ঠিক মতন ক্লাসে আসছে কিনা খেয়াল রাখবেন। শিক্ষকদের সঙ্গেও নিয়মিত কথা বলবেন।’

তিনি জানান, ‘২০০৯ সাল থেকে সাউথইস্ট ফাউন্ডেশন গরিব ও মেধাবী শিক্ষার্থীদের এই বৃত্তি দিয়ে আসছে। এবার বৃত্তিপ্রাপ্ত দুই‘শত জনের মধ্যে একশ উনিশ জনই গ্রামের মেধাবী শিক্ষার্থী। সার্বিক দিক বিবেচনা করে এ বছর থেকে মাসিক বৃত্তি ৫০০ টাকা বাড়িয়ে দুই হাজার করা হবে।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সাউথইস্ট ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কে এম মোজাম্মেল হক বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আলোকিত মানুষ সৃষ্টিতে আমাদের এই প্রয়াস। আজ যাদের বৃত্তি দেওয়া হচ্ছে তাদের মধ্যে ৯৫ শতাংশ দরিদ্র। প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী হতদরিদ্রদের তুলে আনতে আমরা কাজ করে যাচ্ছি। এই সকল মেধাবীরা যেন ড্রপ আউট না হয়, তাদের যেন খাবার অভাব না হয় সে বিষয়ে সবাইকে দৃষ্টি রাখতে হবে।’

তিনি বলেন, ‘কোন সরকারের পক্ষেই একক ভাবে দেশের উন্নয়ন সম্ভব না। স্বাধীনতার পর থেকে দেশের এই উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি খাতও অবদান রাখছে ‘

অনুষ্ঠানে দেশের ১০টি শিক্ষাবোর্ডের উচ্চমাধ্যমিক স্তরের দুইশ শিক্ষার্থী ও তাদের অভিভাবক উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের বই কেনা বাবদ এককালীন চার হাজার টাকা ও মাসিক ১৫০০ টাকার চেক হস্তান্তর করেন সাউথইস্ট ব্যাংক লিমিটেড ও সাউথইস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আলমগীর কবির (এফসিএ)। আগামী মাস থেকে মাসিক বৃত্তি ২ হাজার টাকা করে প্রদান করা হবে। আগামী দুই বছর এই বৃত্তি প্রদান করা হবে।

বৃত্তির টাকা পেয়ে আপ্লুত হয়ে পরেন শিক্ষার্থীরা। যশোর বোর্ডের শিক্ষার্থী তানজিদা আক্তার দেশ রূপান্তরকে বলেন, ‘আমার জীবনের স্বপ্ন বাস্তবায়নে এই বৃত্তি বিশেষ অবদান রাখবে। গ্রাম থেকে আমাদের মতন শিক্ষার্থীদের তুলে আনতে এমন উদ্যোগ নেওয়ার জন্য সাউথইস্ট ব্যাংক লিমিটেড ও সাউথইস্ট ফাউন্ডেশনের সকলকে ধন্যবাদ।’ 

অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক লিমিটেড ও সাউথইস্ট ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৃত্তি প্রদান শেষে দুপুরে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।