পাকিস্তানের বালাকোটে বিমান হামলায় কয়েকশ’ জঙ্গি নিহতের দাবি করেছে ভারতের কোনো কোনো পক্ষ। কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম ও পাকিস্তানের তরফে এর বিপরীত দাবিও রয়েছে। ভারতেও অনেকে জঙ্গি হত্যার প্রমাণ চাইছেন।
এ ঘটনায় ক্ষোভ গোপন প্রকাশ করলেন অক্ষয় কুমার। তার মতে, এ ধরনের আচরণ না করে সবার উচিত সেনাদের মনোবল বাড়ানো।
অনেক দিন ধরে সেনা ও আধাসামরিক বাহিনীর সদস্যদের জন্য কাজ করছেন অক্ষয়। সংঘর্ষে প্রাণ হারানো সেনাদের পরিবারের সাহায্যার্থে ভারত সরকারের সঙ্গে তিনি খুলেছেন ‘ভারত কে বীর’ অ্যাপ।
অক্ষয় বলেন, “যারা বিমান হামলার প্রমাণ চাইছেন, তাদের এটা করা উচিত নয়। সেনাকর্মীরা আমাদের নিরাপত্তার জন্য সীমান্তে জাগ্রত থাকেন, আমাদের জন্য নিজেদের প্রাণ বিসর্জন দেন তারা। তাদের পরাক্রম নিয়ে কোনো প্রশ্ন করা উচিত নয়।”
আরও বলেন, “বিমান হামলার প্রমাণ চাওয়া ঠিক নয়, জওয়ানরা পরিবার ছেড়ে যান যাতে আমরা শান্তিতে থাকতে পারি, তাদের কাছে কীভাবে প্রমাণ চাইছি আমরা?”
১৪ ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের বাসে জইশ-ই-মুহাম্মদের আত্মঘাতী হামলায় ৪০ জন প্রাণ হারান। এর প্রতিশোধ নিয়ে ২৬ তারিখ পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে বিমান হামলা চালায় ভারত। এরপর শুরু হয় বিতর্ক।