ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-২

নড়াইল জেলার নড়াগাতিতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছে।

শনিবার দুপুরে কালিয়া-চাপাইল সড়কের নড়াগাতির থানার বাগুডাঙ্গা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোটরসাইকেল চালক বিপ্লব ঘোষ (১৬) ও আরোহী শান্ত বিশ্বাস (১৬)।

নিহতদের মধ্যে বিপ্লব নড়াগাতি থানার যোগানিয়া গ্রামের মিলন ঘোষের ছেলে এবং শান্ত একই থানার নলামারা গ্রামের অজিত বিশ্বাসের ছেলে।

নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলমগীর কবির জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেল যোগে বাগুডাঙ্গা থেকে চাপাইল ঘাটের দিকে যাচ্ছিল। বাগুডাঙ্গা বড় মাঠ এলাকায় ট্রাকের ধাক্কায় বিপ্লব ও শান্ত নিহত হন। এতে অপর মোটরসাইকেল আরোহী বাঁধন সরকার ও ট্রাকের হেলপার ইরশাদ আহত হন।

ওসি জানান, আহতদের মধ্যে বাঁধনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।