কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে নিয়ে একটি বায়োপিক হবে। নামও ঠিক হয়ে গেছে- ‘কিংস রিচার্ড’। যেখানে সেরেনা ও ভেনাসের বাবার চরিত্রে অভিনয় করবেন হলিউডের বিখ্যাত অভিনেতা উইল স্মিথ। এই ছবির স্ক্রিপ্ট লিখেছেন জ্যাক বাইলিন। প্রযোজক টিম এবং ট্রেভর হোয়াইট। তা কী থাকছে সেরেনার বায়োপিকে? বাবা রিচার্ডের সংগ্রামের কাহিনী। গল্পটা বিস্তারিত বলা যাক। সেরেনার বাবা যখন মেয়েদের টেনিস খেলা শেখানোর সিদ্ধান্ত নেন, তখন এর নিয়ম-কানুন সম্পর্কে বেশি কিছু জানতেন না। ফলে নিজেই টেনিস শিখতে শুরু করেন। সেরেনা তখন চার বছরের। টলমল পায়ে হেঁটে বেড়ান। ছোট্ট মেয়েকে নিয়ে নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে টেনিস কোচিংয়ে ভর্তি হন বাবা। সেই স্বপ্নটা এখন কতটা বাস্তব তা গোটা দুনিয়া দেখছে। সর্বকালের সেরা টেনিস তারকার একজন এখন সেরেনা। বাবার কোচিং তত্ত্বাবধানে থেকেই তারা দুই বোন (সেরেনা-ভেনাস) টেনিসে প্রতিষ্ঠা লাভ করেন। এখন পর্যন্ত ২৩টা সিঙ্গেলস গ্র্যান্ডস্লাম জিতেছেন সেরেনা। আর একটা গ্র্যান্ডস্লাম জিতলেই কিংবদন্তি মার্গারেট কোর্টকে ছুঁয়ে ফেলবেন। ক্যারিয়ারে ২৪টা গ্র্যান্ডস্লাম জিতেছেন মার্গারেট কোর্ট। যা হোক বাবা রিচার্ডের সংগ্রাম এবং কোর্টে সেরেনার সাফল্য-ব্যর্থতা নিয়ে হবে বায়োপিকটি। এরই মধ্যে তা নিয়ে আলোচনাও শুরু হয়ে গেছে।