ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে যাওয়ার পর থেকে সবার আগ্রহ তার জায়গায় দলে কে আসবেন। আসছে গ্রীষ্মে আবার শুরু হতে যাচ্ছে দলবদলের সময়। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত খবর প্রকাশ করেছে, রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ব্রাজিলিয়ান তারকা নেইমারকে কেনার জন্য ৩৫০ মিলিয়ন ইউরো অফার করবে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি)।
পিএসজিতে এখনো তিন বছরের চুক্তি আছে নেইমারের। দলবদলে আগেই সবচেয়ে দামি খেলোয়াড়ের রেকর্ডটা নিজের করে নিয়েছেন নেইমার। বার্সেলোনা থেকে পিএসজিতে এসেছিলেন ২২২ মিলিয়ন ইউরোতে। ২৭ বছরের নেইমার বর্তমানে পিএসজিতে বেতন পান বছরে ৩৬ মিলিয়ন ইউরো। আর রিয়াল মাদ্রিদের নতুন অফারে তার জন্য বেতন ধরা হয়েছে বছরে ৪৫ মিলিয়ন ইউরো।
বর্তমানে পায়ের মেটাটারসাল ইনজুরিতে এপ্রিল পর্যন্ত মাঠের বাইরে
থাকতে হচ্ছে নেইমারকে। রিপোর্টে আরও বলা হয়েছে, রিয়াল মাদ্রিদের অফার গ্রহণ করতে পারে পিএসজি।
যাতে ফিনানশিয়াল ফেয়ার প্লের সমাধান করতে পারে প্যারিসের ক্লাবটি। সত্যিই যদি ৩৫০ মিলিয়ন অফার দেওয়া হয় এবং পিএসজি তা গ্রহণ করে তবে দলবদলের বাজারে আবার নতুন রেকর্ড গড়বেন নেইমার।