রাজধানীর আদাবরে নির্মাণাধীন বাড়ি থেকে ‘চাঁদা না পেয়ে’ ওই বাড়ির মালিকের স্ত্রীর বুটিকের দোকানে ভাঙচুর করেছে স্থানীয় সন্ত্রাসীরা। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা দোকানের ক্যাশে থাকা ৫০ হাজার টাকাও নিয়ে গেছে।
দোকান মালিকের স্বামী আবু তাহের দেশ রূপান্তরকে বলেন, ‘আদাবরে ১৩ নম্বর রোডে আড়াই কাঠা জমির ওপর আমার একটি ৬ তলা ভবনের নির্মাণকাজ চলছে। গত তিন মাস ধরে স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা দাবি করে আসছিল। চাঁদার জন্য আমাকে ফোনেও হুমকি দিত। চাঁদা না পেয়ে গতকাল বিকেলে বাসার পাশেই আমার স্ত্রীর হোমেন্স ক্লথিং অ্যান্ড টেইলার্স নামে বুটিকসের দোকানে পাঁচ থেকে ছয়জন বাঁশের লাঠি দিয়ে ভাঙচুর করে। কাচের গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করে দোকানের ক্যাশে থাকা ৫০ হাজার টাকাও নিয়ে গেছে।’
দোকানের কর্মচারীদের বরাত দিয়ে আবু তাহের বলেন, ‘মাঝেমধ্যেই যখন আমার স্ত্রী দোকানে থাকত না, তখন চাঁদার জন্য কর্মচারীদের শাসিয়ে যেত সন্ত্রাসীরা। তাদের কাউকেই আমি চিনি না।’ তিনি আরও বলেন, ‘এ বিষয়ে আদাবর থানায় মামলা করার প্রস্তুতি চলছে। হামলাকারীদের ছবি দোকানের সিসিটিভি ফুটেজে রয়েছে।’
আদাবর থানার ওসি কাওসার আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘একটি বুটিকসের দোকানে ভাঙচুরের কথা শুনেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’