রাজধানীর মালিবাগে একটি ছিনতাইয়ের ঘটনার এক সপ্তাহ পর এলাকার ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসি) ভিডিও ফুটেজ দেখে ওই ঘটনায় জড়িত দুজনসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। গত শুক্রবার রাতে শাহজাহানপুরের বকশীবাগ আতরবিবি লেন থেকে তাদের গ্রেপ্তার করে শাহজাহানপুর থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন ফরহাদ ফকির (২৯), ইউসুফ আলী (২৮) ও জসিম মাদবর (৩৪)। এদের মধ্যে ফরহাদ ফকির ও ইউসুফ আলী গত পহেলা মার্চ সকালে মালিবাগ প্রথম লেনের গলিতে এক রিকশা আরোহীর গলায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করে। এলাকার সিসি ক্যামেরায় ধারণ হওয়া ওই ঘটনার ভিডিও ক্লিপ পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সিসি ক্যামেরার ভিডিও চিত্রের উদ্ধৃতি দিয়ে ঢাকা মহানগর পুলিশের সবুজবাগ অঞ্চলের সহকারী কমিশনার রাশেদ দেশ রূপান্তরকে বলেন, ‘সকাল ১০টার দিকে রিকশা থামিয়ে যাত্রী মনির উদ্দিনের গলায় চাপাতি ধরে ফরহাদ ও ইউসুফ। তারা মনিরের মানিব্যাগ, এটিএম কার্ড ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে মুখে কালো কাপড় বেঁধে এটিএম কার্ড নিয়ে ব্যাংকের বুথে যায়। কিন্তু মনিরের অ্যাকাউন্টে উত্তোলনের মতো পর্যাপ্ত টাকা ছিল না। যা সিসি ক্যামেরায় ধরা পড়ে।’
পুলিশ কর্মকর্তা রাশেদ জানান, এ ঘটনায় শাহজাহানপুর থানায় মামলা করেন মনির উদ্দিন। পুলিশ তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুই ছিনতাইকারী ফরহাদ ও ইউসুফকে শনাক্ত করে। তাদের নামে নগরীর বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা আছে।
শাহজাহানপুর থানার এসআই আজিজ জানান, গ্রেপ্তার তিনজনের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চাপাতি ও ছোরা উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার তাদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।