সাভারে ত্রাণমন্ত্রী

বাংলাদেশে কোনো মানুষ আর না খেয়ে থাকবে না

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, বাংলাদেশে আর কোনো মানুষ না খেয়ে থাকবে না। গতকাল শনিবার দুপুরে সাভারের বক্তারপুর এলাকায় পিছিয়ে পড়া জনগোষ্ঠী বেদে সম্প্রদায়ের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত শুকনা খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সারা দেশে ১ লাখ ৩০ হাজার গরিব ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের ভাগ্য উন্নয়নে বর্তমান আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। এজন্য প্রতি ৬ মাসে দেশে ১২ হাজার গৃহহীনকে বাড়িঘর নির্মাণ করে দেবে সরকার।’

তিনি আরও বলেন, ‘বেদেপল্লীর লোকজন আগে নৌকায় ঘুরে বেড়াত এবং যাযাবর জীবনযাপন করত। এজন্য সরকার তাদের ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে। আগামী ৫ বছরের মধ্যে বেদেপল্লীর সকলকে উন্নত মডেলের ঘর নির্মাণ করে দেওয়া হবে। এরই মধ্যে তাদের জন্য সরকারিভাবে গুচ্ছগ্রাম করে মাটি ভরাট ও ঘর নির্মাণ করে দেওয়ার কাজ হাতে নেওয়া হয়েছে। এর ফলে দেশে আর কোনো পরিবার গৃহহীন থাকবে না।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান, সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা, সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একরামুল হোসেন প্রমুখ।