সিরাজগঞ্জ সদর উপজেলার দত্তবাড়ী পৌর এলাকার হাজী আহম্মেদ আলী মাদ্রাসার কামিল পরীক্ষায় টিউটোরিয়াল ও ভাইবা পরীক্ষা বাবদ অবৈধভাবে অতিরিক্ত ৬০০ টাকা ফি আদায় করার দায়ে অধ্যক্ষ সামছুল আলমকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার এ দন্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান এ কারাদন্ডের আদেশ দেন।
আদালতের পেশকার আবদুস সাত্তার জানান, এ মাদ্রাসার কামিল পরীক্ষায় টিউটোরিয়াল ও ভাইবার জন্য পরীক্ষার্থী আবদুল আলীমের কাছ থেকে ৬০০ টাকা অতিরিক্ত আদায়ের সময় হাতেনাতে অধ্যক্ষকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। ওই পরীক্ষায় ৫০০ পরীক্ষার্থীর কাছ থেকে ৬০০ করে সর্বমোট তিন লাখ টাকা অতিরিক্ত আদায়ের লক্ষ্য ঠিক করেন অধ্যক্ষ। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। এছাড়াও ওই অধ্যক্ষের বিরুদ্ধে দীর্ঘদিন বিভিন্ন পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ রয়েছে।