প্রথমে পিছিয়ে পড়লেও খেই হারায়নি বার্সেলোনা। জেরার্দ পিকে, লিওনেল মেসি ও লুইস সুয়ারেসের গোলে রায়ো ভাইয়েকানোর বিপক্ষে বড় জয় পেয়েছে কাতালান ক্লাবটি। এতে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও দৃঢ় হয়েছে দলটির।
কাম্প নউয়ে শনিবার রাতে স্পেনের শীর্ষ লিগের ম্যাচটিতে ৩-১ গোলের জয় পায় বার্সেলোনা। প্রতিযোগিতাটিতে ভাইয়েকানোর বিপক্ষে এটা তাদের টানা ত্রয়োদশ জয়। লা লিগায় কোনো একটি দলের বিপক্ষে টানা জয় পাওয়ায় এটা বার্সেলোনার রেকর্ড।
নিজেদের মাঠে ম্যাচের ২৪তম মিনিটে পিছিয়ে পড়ে বার্সেলোনা। গোল করেন অতিথি দলের স্প্যানিশ স্ট্রাইকার রাউল ডি তমাস। প্রথমার্ধেই সমতা ফেরায় বার্সেলোনা। ৩৮তম মিনিটে ডান দিক থেকে মেসির নেওয়া বাঁকানো ফ্রি-কিকে ডি-বক্সের মাঝামাঝি থেকে হেড দিয়ে জালে বল জড়ান পিকে।
দ্বিতীয়ার্ধে অপর দুটি পায় বার্সেলোনা। ৫১তম মিনিটে স্পক কিক থেকে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন মেসি। ডি-বক্সের ডান দিকে পর্তুগিজ রাইট-ব্যাক ফাউলের শিকার হলে পেনাল্টি পায় এরনেস্তো ভালভেরদের দল। এই নিয়ে চলতি লা লিগায় ব্যক্তিগত গোলের তালিকায় শীর্ষে থাকা মেসির গোল দাঁড়ালো ২৫ ম্যাচে ২৬টি!
নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার আট মিনিট আগে দলকে তৃতীয় গোলটি এনে দেন সুয়ারেস। উসমান দেম্বেলের বাড়ানো বল ধরে ইভান রাকিতিচের সঙ্গে ডি-বক্সে একবার দেওয়া-নেওয়া করে জাল খোঁজে নেন উরুগুয়ান এই স্ট্রাইকার। চলতি লিগে তার গোল দাঁড়িয়েছে ২৬ ম্যাচে ১৭টি।
২৭ ম্যাচ শেষে ১৯ জয় ও ছয় ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬৩।
দিনের অপর ম্যাচে নিজেদের মাঠে সাউলের একমাত্র গোলে লেগানেসকে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ। বার্সেলোনা থেকে ৭ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে তারা।
২৬ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে রিয়াল মাদ্রিদ।