সাগর পাড়ি দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দ। কয়েক জন হুড়মুড়িয়ে পড়ে গেলেন। ফেরির চালক অনাহূত বিপদ দক্ষতায় সামলে নিলেও চোখ ছানাবড়া। কিছুক্ষণ পর বুঝতে পারেন দানবীয় এক তিমির ধাক্কায় এই অবস্থা!
বিবিসি জানিয়েছে, জাপানের এই ঘটনায় অন্তত ৮০ জন যাত্রী আহত হয়েছেন। কয়েক জনের অবস্থা বেশ গুরুতর। সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে।
নীগাটা বন্দর থেকে দ্রুত গতি সম্পন্ন হাইড্রোফয়েল ফেরিটি শনিবার স্যাদো আইল্যান্ডে ফিরছিল।
ফেরি কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর ফেরিটি নিরাপদে তার গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়। কিন্তু নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা দেরি যায়।
ফেরিতে ২১২ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন।
চালক বলেন, সমুদ্রযানটির সঙ্গে একটা কিছুর আঘাত লাগে, যার ফলে জাহাজের স্টার্নে বড় একটি ফাটল তৈরি হয়।
স্থানীয় সংবাদমাধ্যমকে ফেরিটির একজন যাত্রী বলেন, ‘সামনের সিটের সঙ্গে ধাক্কা লেগে আমার ঠোঁটে আঘাত লাগে। আশপাশের সব যাত্রীই তখন ব্যথায় কাতরাচ্ছিল।’