২১১ রানে অলআউট বাংলাদেশ

তামিম ইকবাল ও সাদমান ইসলামের ব্যাটে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। সেটা ধরে রাখতে পারেনি পরের ব্যাটাররা। ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে নিউ জিল্যান্ডের পেস আক্রমণের সামনে বড় সংগ্রহের আগেই গুঁড়িয়ে যেতে হয়েছে তাদের।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে বৃষ্টির কারণে ভেসে যায় প্রথম দুই দিনের খেলা। রোববার তৃতীয় দিন টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ কিউইদের বোলিং তোপে গুটিয়ে যায় ২১১ রানে।

ওপেনিং জুটিতে ৭৫ রান করে দলকে দারুণ শুরু এনে দিয়েছিলেন তামিম ও সাদমান। ভয়ের কারণ হয়ে ওঠা এই জুটিতে ফাটল ধরান কলিন ডি গ্র্যান্ডহোম। তার বলে উইকেট ছাড়ার আগে ৫৩ বলে ২৭ রান করেন সাদমান।

দলীয় ১১৯ রানে দ্বিতীয় উইকেট হারায় অতিথি দল। নেইল ওয়াগনারের বলে কটবিহাইন্ড হন ৩৮ বলে ১৫ রান করা মমিনুল হক। দুই অঙ্ক স্পর্শ করার আগেই ওয়াগনারের শিকার হন চার নম্বরে ব্যাট করতে নামা মোহাম্মদ মিঠুন।

টেস্ট ক্যারিয়ারে ২৭তম অর্ধশতকের দেখা পাওয়া তামিম উইকেটের একপ্রান্ত আগলে রাখছিলেন। দলীয় ১৩৪ রানে ফিরতে হয় তাকেও। ওয়াগনারের বলে পুল করতে গিয়ে টিম সাউথিকে ক্যাচ দেওয়ার আগে ৭৪ রান করেন তামিম। তার ১১৪ বলের ইনিংসটিতে রয়েছে ১০টি চারের মার। এর আগে হ্যামিল্টন টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি (১২৬) করা অভিজ্ঞ এই ওপেনার দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৭৪ রান।

তামিমের বিদায়ের পর মাত্র ৭৭ রানে উইকেট ছাড়া হয় বাকি ছয় ব্যাটসম্যান। এদের মধ্যে সৌম্য সরকার (২০), অধিনায়ক মাহমুদউল্লাহ (১৩) ও লিটন দাস (৩৩) ছাড়া কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।

নিউ জিল্যান্ডের বোলারদের মধ্যে ওয়াগনার ১৩ ওভারে মাত্র ২৮ রানে সর্বোচ্চ চার উইকেট নেন। ৩৮ রানের খরচায় তিন উইকেট নেন ট্রেন্ট বোল্ট। একটি করে উইকেট সাউথি, গ্র্যান্ডহোম ও ম্যাট হেনরির।

এর আগে হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টে নিউ জিল্যান্ডের কাছে ইনিংস ও ৫২ রানে হারে বাংলাদেশ।