কাদেরকে সোমবার কেবিনে স্থানান্তর করা হতে পারে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। সোমবার তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তরের সম্ভাবনা রয়েছে।

কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি মন্ত্রীর চিকিৎসার সর্বশেষ অগ্রগতি রোববার পরিবারের সদস্যদের জানান।

ডা. কুমার সামিকে উদ্ধৃত করে মন্ত্রীর চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী বলেন, মন্ত্রী চিকিৎসক এবং পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক কথা বলছেন।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের সঙ্গে আরও আছেন তার সহধর্মিণী ইসরাতুন্নেসা কাদের, ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মীর্জা।

হৃদরোগে আক্রান্ত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর পাঠানো হয়। গত ৪ মার্চ বাংলাদেশ সময় রাত সোয়া ৮টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর পৌঁছায়।

ওবায়দুল কাদেরের চিকিৎসায় জরুরি ভিত্তিতে একটি মেডিকেল বোর্ড করা হয়। এতে আছেন কার্ডিওলজিস্ট ডা. ফিলিপ কোহ, ডা. শ্রীবাস্তব কুমার, অশোক কুমার, কিডনি বিশেষজ্ঞ ডা. হু চি কো এবং সং কি মিন।