‘সোজা হয়ে বসতে পারছেন না খালেদা জিয়া’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া খুবই অসুস্থ জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি সোজা হয়ে বসতে পারছেন না। হাত দিয়ে কিছু ধরে রাখতে পারছেন না।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “দলের চেয়ারপারসনকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে। তিনি খুবই অসুস্থ হলেও চিকিৎসা নিতে দেওয়া হচ্ছে না।”

“জামিন তার সাংবিধানিক অধিকার হলেও তাকে জামিন দেওয়া হচ্ছে না। সরকার বাধা সৃষ্টি করছে”

এসময় বিএনপি মহাসচিব বলেন, সরকার নির্বাচনী ব্যবস্থা পুরোটাই ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ প্রার্থীরা যাতে জিতে, সেভাবেই কাজ করছে নির্বাচন কমিশন।

বিচার ব্যবস্থাও ধ্বংস করে দেওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, এ সরকারকে ইতিহাস ক্ষমা করবে না। এজন্য কোনো পরিস্থিতির উদ্ভব হলে সরকারকেই দায় নিতে হবে।