প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হলেও রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হচ্ছে না কারাগারে অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।
রোববার দুপুর ১টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে বিএসএমএমইউ পরিচালক ব্রি. জেনারেল আবদুল্লাহ আল-হারুন বলেন, “কারা কর্তৃপক্ষ আমাদের নিশ্চিত করেছে যে, খালেদা জিয়া আজ আসবেন না।”
জানা গেছে, বিএসএমএমইউতে নেওয়ার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হলেও সেখানে যেতে অনীহা প্রকাশ করায় খালেদা জিয়াকে হাসপাতালে নিতে পারেনি কারা কর্তৃপক্ষ।
কারা সূত্র জানায়, শনিবার তাকে বিএসএমএমইউতে নেওয়ার কথা বললে তিনি অনীহা জানান। তবে তিনি কেন সেখানে যাবেন না সেই কারণ স্পষ্ট করেননি।
খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক আবদুল জলিল দেশ রূপান্তরকে বলেন, “বিএনপি চেয়ারপারসনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। উনাকে বলা হয়েছে- উনি যদি বিএসএমএমইউতে আসতে চান, তাহলে যেন জেলারকে বলেন। জেলার সব ব্যবস্থা নেবেন।”
তবে বিএনপি চেয়ারপারসন বিএসএমএমইউতে আসতে চান না জানিয়ে বলেছেন, তিনি বিশেষায়িত হাসপাতালে ব্যক্তিগত চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিতে চান।
কিন্তু কারা কর্তৃপক্ষের দাবি, জেলকোড অনুযায়ী খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়ার সুযোগ নেই।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে দুর্নীতি দমন কমিশন-দুদকের আবেদনে উচ্চ আদালতে সেটা বাড়িয়ে ১০ বছর করা হয়।
নিম্ন আদালতে রায়ের দিন থেকেই নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারকে বিশেষ কারাগার ঘোষণা দিয়ে সেখানে রাখা হয় সাবেক প্রধানমন্ত্রীকে। এর মধ্যে গত ৬ অক্টোবর আদালতের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিএসএমএমইউতে ভর্তি করে কারা কর্তৃপক্ষ। এক মাস চিকিৎসা শেষে গত ৮ নভেম্বর তাকে ফের কারাগারে নেওয়া হয়।