জাল ভোটের কারণে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। এ সময় কেন্দ্র থেকে দুই সহকারী প্রিসাইডিং অফিসার ও নৌকা প্রতীকের একজন পোলিং এজেন্টকে আটক করা হয়েছে।
রোববার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার আল জামিয়াতুস সালাফিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।
আটককৃতরা হলেন, সহকারী প্রিসাইডিং অফিসার নাজমুল হাসান ও মো. মুকিত এবং নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পোলিং এজেন্ট মোহাম্মদ আলী। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম আটককৃতদের থানায় নিয়ে গেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মশিউর রহমান জানান, স্থগিত হওয়ার আগে কেন্দ্রটিতে প্রায় ১৭ শতাংশ ভোট গ্রহণ করা হয়েছিল। দুপুর সাড়ে ১২টার দিকে প্রভাবশালী একজন চেয়ারম্যান প্রার্থীর দলীয় প্রতীকে অবৈধভাবে সিল মারা হচ্ছিল। বিষয়টি জানাজানি হলে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ভোট গ্রহণ স্থগিত করেন। এরপর জেলা প্রশাসক এসএম আবদুল কাদের ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম গিয়ে তিনজনকে আটক করে পুলিশে দেন।
এদিকে, রাজশাহীতে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। তবে, ভোটার উপস্থিতি সকল কেন্দ্রেই খুবই কম। রাজশাহী জেলার আটটি উপজেলায় মোট কেন্দ্রের সংখ্যা ৫২২টি।