আপত্তি উপেক্ষা করে অস্বচ্ছ ব্যালট বাক্স রাতেই যাচ্ছে হলে হলে

বিভিন্ন ছাত্র সংগঠন ও জোটের আপত্তির পরও অস্বচ্ছ ব্যালট বাক্স রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে নেওয়া হচ্ছে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন শুরু হবে সকাল ৮টায়। 

রাতেই ব্যালট বাক্স হলে হলে নেয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ছাত্রদলসহ প্রগতিশীল ছাত্রজোট, স্বতন্ত্র জোট, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ উপাচার্যের কার্যালয়ে সামনে অবস্থান নেয় ও স্মারকলিপি দেয়।

তবে তাদের দাবি মানা হচ্ছে না বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। মাস্টার দা সূর্যসেন হলের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক বাহাউদ্দিন দেশ রূপান্তরকে জানান সন্ধ্যা ৭টা থেকে হলে হলে অস্বচ্ছ ব্যালট বাক্স পৌছেঁ দেয়া হবে। 

সোমবার সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এবার মোট ভোটার ৪৩ হাজার ২৫৬ জন। ডাকসুতে ২৫টি পদের জন্য লড়ছেন ২২৯ প্রার্থী। আর ১৮টি আবাসিক হলে মোট প্রার্থী ৫০৯। একেকটি হলে ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ডাকসুতে প্যানেল দিয়ে নির্বাচন করছে বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয়তাবাদী ছাত্রদল, বাম সংগঠনগুলোর জোট, কোটা আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ, স্বতন্ত্র জোট, জাসদ ছাত্রলীগ, ছাত্রলীগ-বিসিএল, ছাত্র মৈত্রী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ছাত্র মুক্তিজোট, জাতীয় ছাত্রসমাজ ও বাংলাদেশ ছাত্র আন্দোলন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন।

রোবার বিকেল ৪টায় প্রগতিশীল ছাত্রজোটসহ অন্যান্য সংগঠন স্বচ্ছ ব্যালট এবং ভোটের দিন সকালে তা হলে নেয়ার দাবি জানিয়ে উপাচার্য মো. আখতারুজ্জামানকে স্মারকলিপি দেয়।

তাদের দাবিগুলো হলো- ভোটের গ্রহণের সময় চার ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত করা, তথ্য সংগ্রহে গণমাধ্যম কর্মীদের জন্য অবাধ সুযোগ, ভোটকেন্দ্রে আসতে ভোটারদের নিরুৎসাহিতকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার ও পোলিং এজেন্ট নিয়োগের অনুমতি, নির্বাচন পর্যবেক্ষক ও ভোটারদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ এবং প্রতিটি রুটে সকাল থেকে ন্যূনতম ১০টি বাসের ব্যবস্থা করা।

একই দাবি জানিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করেন ছাত্রদলের প্রার্থীরাও।