ইথিওপিয়ায় বিধ্বস্ত বিমানের ১৫৭ যাত্রীর কেউ বেঁচে নেই

ইথিওপিয়ায় বিধ্বস্ত হওয়া বিমানের কোনো যাত্রীই বেঁচে নেই।  রবিবার সকালে ১৪৯ জন যাত্রী ও আটজন বিমান কর্মী নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিমানটি।

আলজাজিরা জানায়, বিধ্বস্ত হওয়া বোয়িং-৭৩৭ বিমানটির ১৫৭ জন যাত্রী ও বিমান কর্মীর সবাই নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইন্স এ তথ্য নিশ্চিত করেছে।

বিমান সংস্থার একজন মুখপাত্র বলেন, স্থানীয় সময় রবিবার ৮ টা ৪৪ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ওড়ার মাত্র ৬ মিনিট পরই এটি বিধ্বস্ত হয়।

বিবিসি জানায়, রাজধানী আদ্দিস আবাবা থেকে ৬০ কি.মি. দক্ষিণ পশ্চিমে বিশফু শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং এখন সেখানে উদ্ধার অভিযান চলছে বলে বিমান সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে।

বিমানটিতে ৩৩টিরও বেশি দেশের নাগরিক ছিল বলে সরকারি কর্মকর্তারা বলছেন।

এদিকে প্রধানমন্ত্রী আবি আহমেদের কার্যালয়ের টুইটারে বলা হয়, “নিয়মিত ফ্লাইটে কেনিয়ার নাইরোবি যাওয়ার পথে ইথিওপিয়ান এয়ারলাইনসের বোয়িং-৭৩৭ বিমান বিধ্বস্তের ঘটনায় যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছেন, ইথিওপিয়ার সরকার ও জনগণের পক্ষ থেকে তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়।”

কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তাও নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন।