ব্যবসায়ীদের সঙ্গে মেয়রের আপস: রাসায়নিক উচ্ছেদ শিথিল

ব্যবসায়ীদের বাধার মুখে পুরান ঢাকা থেকে কেমিক্যাল কারখানা ও গোডাউন অপসারণে গঠিত টাস্ক ফোর্সের অভিযান শিথিলের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

এখন থেকে শুধু অতি দাহ্য কেমিক্যাল গোডাউন অপসারণে অভিযান চালাবে টাস্ক ফোর্স। প্লাস্টিক দানা ও অরগানিক পিগমেন্ট অভিযানের আওতামুক্ত থাকবে।

রোববার চকবাজারের উর্দু রোডে পুরান ঢাকার ব্যবসায়ী সমিতি, পঞ্চায়েত ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করে এমন সিদ্ধান্ত নেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন।

মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতা, সাধারণ ব্যবসায়ী ও স্থানীয়দের বক্তব্য শুনে তাদের প্রায় সব দাবি মেনে নেন মেয়র। এ সময় ব্যবসায়ীরা উৎফুল্ল হয়ে সাঈদ খোকনের নামে স্লোগান দিতে থাকেন।

ব্যবসায়ীদের দাবি অনুযায়ী প্লাস্টিক দানা ও অরগানিক পিগমেন্ট থাকায় যেসব হোল্ডিংয়ের পরিষেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল, সেগুলো অবিলম্বে পুনর্বহালের ঘোষণা দেন মেয়র।

মতবিনিময় সভায় গৃহীত সিদ্ধান্তের বিষয়ে সাঈদ খোকন জানান, শুধুমাত্র অতি দাহ্য কেমিক্যাল গোডাউন অপসারণের জন্য টাস্ক ফোর্সের অভিযান চলমান থাকবে। বিস্ফোরক অধিদপ্তর কর্তৃক প্লাস্টিক দানা ও অরগানিক পিগমেন্টকে অবিপদজনক দাহ্য পদার্থ ঘোষণা করায় এসব পদার্থের গোডাউন অভিযানের আওতামুক্ত থাকবে।

তিনি জানান, এ ছাড়া সিদ্ধান্ত অনুযায়ী পুরান ঢাকার প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণের জন্য অবধারিতভাবে ‘ফায়ার ডিস্টিংগুইশার’ ও এক বালতি করে পানি ও বালি রাখতে হবে। এর জন্য ব্যবসায়ীদের এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়।

সভায় স্থানীয় ব্যবসায়ীরা তাদের ব্যবসার জন্য একটি সুস্পষ্ট নীতিমালার দাবি জানান। এ ছাড়া প্লাস্টিক পল্লি বানিয়ে সেখানে ব্যবসা স্থানান্তর করা, ব্যবসায়ীদের অগ্নি নির্বাপণের প্রশিক্ষণ এবং প্রশাসনের হয়রানি বন্ধের দাবিও জানান ব্যবসায়ীরা।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকা থেকে সব কেমিক্যাল গোডাউন অপসারণে অভিযান শুরু করে ডিএসসিসির টাস্ক ফোর্স। এক মাসের মধ্যে সব কেমিক্যাল কারখানা অপসারণে রোববার পর্যন্ত নয় দিন অভিযান পরিচালনা করে টাস্ক ফোর্স।

অভিযানে অধিকাংশ দিনই ব্যবসায়ীদের বাধার মুখে পড়ে টাস্ক ফোর্স। অবশেষে অভিযান শিথিল করে ব্যবসায়ীদের সঙ্গে আপস করলেন ডিএসসিসি মেয়র।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, পুরান ঢাকা ব্যবসায়ী ঐক্য ফোরামের সভাপতি আবদুস সালাম, ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইব্রাহিম খান, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবুল হাসনাত প্রমুখ।

আরও ৮ হোল্ডিংয়ের পরিষেবা সংযোগ বিচ্ছিন্ন: পুরান ঢাকায় কেমিক্যাল গোডাউন অপসারণে টাস্ক ফোর্সের চলমান অভিযানে রোববার আরও আট হোল্ডিংয়ের সব পরিষেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গত নয় দিনের চলমান অভিযানে এ পর্যন্ত মোট ১২৩ হোল্ডিংয়ের পরিষেবা সংযোগ বিচ্ছিন্ন করল টাস্ক ফোর্স।

রোববার ৩৩ নম্বর ওয়ার্ডের আবুল হাসনাত রোড ও জগন্নাথ সাহা রোড এলাকায় অভিযানকালে কেমিক্যাল গোডাউন থাকায় এসব হোল্ডিংয়ের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।