‘ঈশ্বরদী থেকেই সরকার পতনের আন্দোলন শুরু করা হবে’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, ঈশ্বরদীতে থেকেই বর্তমান অবৈধ সরকার পতনের আন্দোলন শুরু করা হবে। এ জন্য নতুন করে বিএনপির সকল পর্যায়ের কমিটি পূর্ণগঠন করা হবে।

রবিবার বিকেলে সাহাপুরে বিএনপি চেয়ারপারসনের মুক্তি, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা শীর্ষক নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাবিব এসব কথা বলেন।

হাবিব বলেন, যারা বিএনপির সঙ্গে  বেইমানি  করেছে তাঁদের চিহ্নিত করে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। যারা গ্রুপিং এর নামে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের  চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের ছবি পুড়িয়ে এবং তাদের দেওয়া প্রার্থীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে উল্লাস করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে তারেক রহমানের সঙ্গে ওয়াদা করে এসে যারা বিএনপির প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে আঁতাত করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী অল্প দিনের মধ্যেই ঈশ্বরদীতেও বিএনপির নতুন কমিটি গঠন করা হবে।

ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির ব্যানারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাবেক এমপি আব্দুল বারী সরদার।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির প্রবীণ নেতা জার্জিস হোসেন, এ কে এম আক্তারুজ্জামান আক্তার, আজমল হোসেন সুজন, রঞ্জু বিশ্বাস, আজমল হোসেন ডাবলু, নেফাউর রহমান রাজু, রেজাউল করিম শাহীন, হাসিবুর রহমান হাক্কে মণ্ডল, কৃষক দলের সভাপতি এনামূল হক, সাধারণ সম্পাদক পাঞ্জুর রহমান, বিএনপি নেতা হামিদুর রহমান হামদু, সুলভ মালিথা, জহুরুল ইসলাম, যুবদল নেতা রফিকুল ইসলাম রকি, এনামূল হক আতিয়ার, শরিফুল ইসলাম শরিফ, স্বেচ্ছাসেবক দল নেতা বরকত হোসেন, আইনুল ইসলাম, ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম তুহিন, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক খন্দকার অনিক প্রমুখ। মতবিনিময় সভা পরিচালনা করেন বিএনপি নেতা আলাউদ্দিন বিশ্বাস।