তিউনিসিয়ায় ১১ নবজাতকের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

তিউনিসিয়ায় ১১টি নবজাতকের মৃত্যুর ঘটনায় পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী আবদের রউফ শেরিফ। মাত্র ৪ মাস আগে সরকারের গুরুত্বপূর্ণ এ পদে আসীন হয়েছিলেন তিনি।

বিবিসি জানায়, রবিবার আফ্রিকার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এই তিউনিস মন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে। 

রাজধানী তিউনিসের রাবতা প্রসূতি হাসপাতালে সদ্য জন্ম নেওয়া এসব শিশু মারা যায়।

বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ‘তথ্য-প্রমাণে জানা গেছে, গত ৭ থেকে ৮ মার্চের মধ্যে মারা গেছে এসব নবজাতক। তাদের দেহে জীবাণু সংক্রমণের কারণেই এই অকাল মৃত্যু হয়েছে।’

মন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রী ইউসেফ সাহেদ বলেন, ‘শিশুদের মৃত্যুর ঘটনায় আমরা মর্মাহত। আমরা তাদের মৃত্যুর বিষয়টি অবশ্যই খতিয়ে দেখব।’

তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে সরকার চালিত এবং সুবিধাপ্রাপ্ত সব হাসপাতাল ও ফার্মাসিউটিক্যালগুলোতে অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।