তিউনিসিয়ার স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

রাজধানী তিউনিসের একটি হাসপাতালে ১১ নবজাতকের মৃত্যুর ঘটনায় পদত্যাগ করেছেন তিউনিসিয়ার স্বাস্থ্যমন্ত্রী আবদে রৌফ শরীফ। মাত্র চার মাস আগেই স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। রাবতা মেটারনিটি হাসপাতালে ৭ থেকে ৮ মার্চের মধ্যে সংক্রমণে আক্রান্ত হয়ে ওই ১১ শিশুর মৃত্যু হয়েছে বলে জানায় বিবিসি। তিউনিসিয়ার প্রধানমন্ত্রী ইউসুফ চাহেদ সরকারি ওই হাসপাতালের বিরুদ্ধে তদন্তের ঘোষণা দিয়েছেন। ফেইসবুক পোস্টে দেশটির পেডিয়াট্রিকস সোসাইটি জানায়, নবজাতক শিশুরা হাসপাতালের খাবার সংক্রান্ত পণ্যের মাধ্যমে সংক্রমিত হয়ে থাকতে পারে। এছাড়া দেশের স্বাস্থ্য খাতে চলমান নৈরাজ্যের প্রতি সরকারকে দৃষ্টি দিতেও আহ্বান জানায় সোসাইটি। পদত্যাগের পর স্বাস্থ্যমন্ত্রীর কোনো বিবৃতি বা বক্তব্য পাওয়া যায়নি। ২০১১ সালে প্রেসিডেন্ট জিনে আল আবেদিন বেন আলীকে উৎখাতের পর দেশটি ব্যবস্থাপনাগত এবং অর্থনৈতিক সমস্যায় ভুগছে। হাসপাতালগুলোতে রয়েছে পর্যাপ্ত ওষুধের সংকট। সামাজিক বিপ্লবের পর দেশটির অধিকাংশ খাত এখন পুনঃসংস্কার করা যায়নি।