ছিঁড়ে পড়ল আদালতের লিফট

আহতদের জন্য ক্ষতিপূরণ চেয়ে রিট আবেদন

ঢাকায় আদালতের লিফট ছিঁড়ে পড়ার ঘটনায় আহতদের প্রত্যেকের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। গতকাল রবিবার আদালতের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এখলাছউদ্দিন ভূঁইয়া।

এখলাছউদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘ওই দুর্ঘটনায় আইনজীবীসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। এর মধ্যে শামসুন্নাহার নামে এক নারী আইনজীবী পঙ্গু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। আরও বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। জনস্বার্থে এবং মানবিক দিক বিবেচনা করে এ রিট আবেদনটি করেছি।’

তিনি বলেন, আহতদের প্রত্যেককে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা ছাড়াও ১৫ দিনের মধ্যে আদালতের সব পুরনো লিফট পাল্টানোর নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে। কার্যতালিকায় এলে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চে আবেদনের শুনানি হবে।

গত বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পুরাতন ভবনের পাঁচতলা থেকে একটি লিফট ছিঁড়ে নিচে পড়ে যায়। ৩৯ বছরের পুরনো এই লিফটটি রশিদ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণ করত।