৩৫ বছর আগে বানানো মুজিব কোট পরেই সংসদে গেলেন চিত্রনায়ক ফারুক। নিজের গায়ের মুজিব কোট দেখিয়ে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক বলেন, ‘আমি ৩৫ বছর আগে এটি বানিয়েছিলাম। যেটি আজ এ সংসদে আমার গায়ে আপনারা দেখছেন। এ দিনটার জন্য ৩৫ বছর অপেক্ষা করেছি।’ গতকাল রবিবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ফারুক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এবং এলাকার ভোটারদের ভালোবাসায় আমি সংসদে আসতে পেরেছি। কথা বলতে পারছি। সে জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আজ এ কোটটি পরেছি ৩৫ বছর পরে।’ এ সময় চলচ্চিত্রের ক্ষেত্রে সরকারের পৃষ্ঠপোষকতার আহ্বান জানিয়ে ফারুক বলেন, ‘স্বাধীনতা সংগ্রামে চলচ্চিত্রের অবদান অনেক। স্বাধীনতার পক্ষে এ দেশের চলচ্চিত্র ও চলচ্চিত্রের কলাকুশলীরা কাজ করে যাচ্ছেন। আজ এ শিল্পের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। অর্থাভাবে ভুগছে। এজন্য পৃষ্ঠপোষকতা দরকার।’