ক্যাচ মিসের হতাশায় শুরু নতুন দিন

ওয়েলিংটন টেস্টে সোমবার নতুন দিনটি বাংলাদেশ শুরু করেছে ক্যাচ মিসের হতাশা দিয়ে। আবু জায়েদ রাহির এক ওভারেই পড়েছে দুই-দু্টি ক্যাচ। দুইবারই জীবন পেয়েছেন রস টেলর। কেন উইলিয়ামসনকে নিয়ে যিনি এখন এগিয়ে যাচ্ছেন বড় জুটির দিকে।

আগের দিনের ২ উইকেটে ৩৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছে নিউজিল্যান্ড। প্রথম দুই দিনের খেলা বৃষ্টিতে ভেসে যাওয়ার পর রোববার ম্যাচের তৃতীয় দিনে এসে টেস্টটি মাঠে গড়ায়। বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে করেছিল ২১১ রান।

আগের দিন নিউ জিল্যান্ডের যে দুই উইকেট পড়েছিল, তার দুটিই নিয়েছিলেন আবু জায়েদ রাহি। সোমবার নতুন দিনে দারুণ শুরু পেলেন এই পেসার। দুর্দান্ত বোলিংয়ে পরাস্ত করছিলেন কিউই ব্যাটসম্যানদের।

রাহির করা ইনিংসের ১৫তম ও দিনের চতুর্থ ওভারেই দুই দুবার ক্যাচ দেন রস টেলর। কিন্তু বাংলাদেশের ফিল্ডারদের পিচ্ছিল হাত টেলরকে দুইবারই দিয়েছেন জীবন। প্রথমবার শর্ট এক্সট্রা কাভারে মাহমুদউল্লাহ ফেললেন। এক বল বিরতি দিয়ে স্লিপে ক্যাচ ফেলেন সাদমান ইসমাল।

উইলিয়ামসন ও টেলর জুটি এখন উইকেটে জমে গেছে ভলো ভাবেই। ইতিমধ্যে ফিফটি পেরিয়েছে এই জুটি।