ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দীনের ছেলে আসাদউদ্দিনকে বিয়ে করতে যাচ্ছেন টেনিস তারকা সানিয়া মির্জার বোন।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ২০১৯ সালের শেষ নাগাদ প্রাক্তন ক্রিকেটারের পুত্রবধূ হতে যাচ্ছেন সানিয়ার বোন আনম মির্জা।
২৫ বছর বয়সী আনম একজন ফ্যাশন ডিজাইনার। লেবেল বাজার নামে তার একটি ফ্যাশন আউটলেটও রয়েছে।
আনমের এটি দ্বিতীয় বিয়ে। ২০১৬ সালে হায়দরাবাদের ব্যবসায়ী আকবরের সঙ্গে বিয়ে হয়েছিল তার। ২০১৮ সালে বিচ্ছেদ হয়।
সানিয়া মির্জার সঙ্গে ভালো সম্পর্ক আছে আসাদের। আসাদ ইনস্টাগ্রামে সানিয়া ও আনমের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘বিটুইন টু গর্জাস’।
সানিয়া মির্জাও আসাদের সঙ্গে একটি ছবি পোস্ট করে ‘হার্ট শেপ’ স্মাইলি দিয়ে লেখেন, ‘ফ্যামিলি’। সেই থেকেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়।
২৮ বছরের আসাদও বাবার মতো ক্রিকেট খেলতেন। ২০১৮-২০১৯ সালে রঞ্জি ট্রফিতে গোয়া স্কোয়াডে ‘অতিথি ক্রিকেটার’ হিসেবে খেলেছেন তিনি। তার ক্যারিয়ার অবশ্য সেভাবে আগায়নি।