ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হল সংসদ নির্বাচনে ব্যালট রাখা তিনটি ‘রহস্যময়’ ট্রাঙ্ক নিয়ে বিক্ষোভ করছেন ছাত্রীরা। তাদের শঙ্কা, এসব ট্রাঙ্কে রাখা ব্যালটে আগেই সিলমারা হয়েছে। তাদেরকে এসব ব্যালট দেখতে দিতে হবে।
ছাত্রীদের বিক্ষোভের মুখে বেলা সাড়ে ১১টার দিকে ভোটগ্রহণ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
শিক্ষার্থীদের অভিযোগ, সকালে ভোট শুরুর আগে তারা ব্যালট বক্স দেখতে চান এবং ব্যালট বক্সের সংখ্যা জানতে চান। কিন্তু কর্তৃপক্ষ ব্যালট বক্স দেখাতে রাজি হয়নি। এ কারণে এক ঘণ্টা দেরিতে ভোটগ্রহণ শুরু হয়।
পরে বেলা ১১টার দিকে ওই তিনটি ট্রাঙ্ক ঘিরে ফের বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তাদের দাবি, তিনটি ট্রাঙ্কের ব্যালটে আগেই সিলমারা থাকতে পারে। তারা এগুলো দেখতে চাইলে কর্তৃপক্ষ রাজি হচ্ছে না। তারা সেগুলো আড়াল করতে চাচ্ছে।
অবশ্য দুপুর ১২টার দিকে ব্যালট বাক্স দেখালেও সেগুলো খোলা থাকায় ফের বিক্ষোভ শুরু করেন ছাত্রীরা।
এ বিষয়ে জানতে চিফ রিটার্নিং অফিসারকে ফোন দিলেও তিনি কল রিসিভ করেনি। এছাড়া হলে প্রবেশে সাংবাদিকদের ওপর কড়াকড়ি আরোপ করে হল কর্তৃপক্ষ। ফলে তাৎক্ষণিক তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছেন।
প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। সোমবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলবে দুপুর ২টা পর্যন্ত। সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।