সুষ্ঠু নির্বাচন, শিক্ষার্থীদের গণতন্ত্রবোধ দেখে বিস্মিত ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে দাবি করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেছেন, শিক্ষার্থীদের গণতন্ত্রবোধ দেখে তিনি বিস্মিত।

সোমবার দুপুরে ভোটগ্রহণের শেষ পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ভোটের আগেই ব্যালটে সিলমারা এবং ভোটদানে বাধা দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রলীগ ছাড়া অন্য সবক’টি প্যানেল। নতুন নির্বাচনের দাবিতে মঙ্গলবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘটেরও ডাক দেওয়া হয়েছে।

বিকেল পৌনে ৩টা থেকে ভিসি চত্বরে এ দাবিতে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন বাম জোটের নেতাকর্মীরা। পরে বিভিন্ন হলের শিক্ষার্থীরাও সেখানে জড়ো হতে থাকেন।

তবে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, “অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ ও গণতন্ত্রবোধ দেখে তিনি বিস্মিত ও অনুপ্রাণিত।”

এসময় তিনি আরও বলেন, “গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধা দেখে আমি অভিভূত হয়েছি। আমরা তাদের মাধ্যমে উৎসাহিত হচ্ছি।”

প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। সোমবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ চলে ২টা পর্যন্ত। তবে কয়েকটি হলে পরেও ভোটগ্রহণ চলে।

এতে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। তবে ছাত্রলীগের বিরুদ্ধে আগেই ব্যালট বাক্স ভর্তি ও নকল লাইন দাঁড় করিয়ে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ আনে বিরোধী প্যানেলগুলো।