'সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগকে ভালোবাসে, তাই সবাই এক জোট হয়েছে'

সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগকে ভালোবাসে উল্লেখ করে সম্পাদক গোলাম রাব্বানী বলেছেন, তাই ছাত্রলীগকে ঠেকানোর জন্য তারা সবাই এক জোট হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) কোটাবিরোধী আন্দোলন, প্রগতিশীল ছাত্রজোট, ছাত্রদলসহ স্বতন্ত্র প্যানেল ষড়যন্ত্র করছে বলে অভিযোগে জানিয়েছে ছাত্রলীগ।

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী এ অভিযোগ জানান। 

ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরো বলেন, আমরা ১০ বছর ক্যাম্পাসে আছি। এই ১০ বছরে ক্যাম্পাসে কোনো গুলি চলেনি, কোনো ককটেল বিস্ফোরণ হয়নি। এই ১০ বছরে কোনো ক্লাস সাসপেন্ড হয়নি। ক্যাম্পাসে এখন চমৎকার একটি পরিবেশ রয়েছে। এই পরিবেশ ধরে রাখতে যা যা করা দরকার, ছাত্রলীগ করবে।

তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগকে ভালোবাসে। তাই ছাত্রলীগকে ঠেকানোর জন্য তারা সবাই এক জোট হবে, সেটা সহজেই অনুমেয়। কিন্তু সকাল থেকেই সাধারণ শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়েছে ভোট দেওয়ার জন্য। সবাই ছাত্রলীগকে ভালোবেসে গ্রহণ করেছে। তাই ছাত্রলীগকে ঠেকানোর জন্য অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে।

রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, যারা নতুন করে ভোটের কথা বলছেন, এটি সম্পূর্ণ অযৌক্তিক একটি দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৮টি হল রয়েছে। এর মধ্যে মাত্র দুইটি হলে অনিয়মের অভিযোগ উঠেছে। এর মধ্যে রোকেয়া হলে ভোটকেন্দ্রে ব্যালট ভর্তি বাক্স পাওয়া যায়নি। কিন্তু নুরু, স্বতন্ত্র প্রার্থী জোট, লিটন নন্দীরা এবং ছাত্রদল— এরা সবাই এক জোট হয়েছে। তারা সবাই একত্রিত হয়েছে। তারই ফল আজকের এই ঘটনা।

ডাকসু নির্বাচন ঘিরে রোববার রাতেই ছাত্রলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে দাবি করে গোলাম রাব্বানী বলেন, ডাকসু নির্বাচন বানচাল করার জন্য আগের রাতেই ষড়যন্ত্র হয়েছে। আজকে (সোমবার) তার সফল মঞ্চায়ন হয়েছে।

তিনি অভিযোগে বলেন, ছাত্র ইউনিয়নের লিটন নন্দী (ভিপি প্রার্থী), কোটা আন্দোলনের নুরুল হক নুরু (ভিপি প্রার্থী) ও ছাত্রদলের অনিক (জিএস প্রার্থী) এ ষড়যন্ত্রে যুক্ত।

রোকেয়া হল থেকে ব্যালট উদ্ধারের ঘটনা টেনে গোলাম রাব্বানী বলেন, রোকেয়া হল থেকে কীভাবে ব্যালট ছিনতাই হয়েছে, তা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই দেখেছেন। নুরু দরজা ভেঙে ব্যালট ছিনতাই করেছে। এখন আবার আহত হওয়ার ভান ধরেছে। ব্যালট ছিনতাই করে নুরু শিক্ষার্থীদের স্বপ্ন চুরি করেছে।

তিনি আরও বলেন, ল্যাব এইডের চিকিৎসকদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা জানিয়েছেন, ডিহাইড্রেশনের কারণে নুরু মাথা ঘুরে পড়ে গেছে। কেউ তাকে নখের আঁচড়ও দেয়নি।