টাক মাথায় হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করে প্রাণ খোয়ালেন ব্যবসায়ী

টাক মাথা নিয়ে বিব্রত হন না কে? তাই মাথা ঘন কালো চুলে ঢাকতে অনেকেই করান হেয়ার ট্রান্সপ্ল্যান্ট। কিন্তু এর ফল মর্মান্তিক মৃত্যু ঘটতে পারে কে জানত! এ রকমই এক ঘটনা ঘটেছে ভারতের মুম্বাইয়ে।

ভারতীয় সংবাদমাধ্যম এবেলা জানায়, শনিবার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করানোর ফলে মৃত্যু হয়েছে মুম্বাইয়ের সাকি নাকা এলাকার ব্যবসায়ী শ্রাবণকুমার চৌধুরীর।

 হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করানোর পঞ্চাশ ঘণ্টার মধ্যেই মৃত্যু ঘটে ৪৩ বছর বয়সী এ ব্যবসায়ীর।

ময়নাতদন্তে মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও চিকিৎসকরা জানিয়েছেন, তীব্র অ্যালার্জিক বিক্রিয়ার জেরেই শ্রাবণকুমারের মৃত্যু হয়েছে।

জানা যায়, শুক্রবার স্থানীয় একটি হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন শ্রাবণকুমার। তার মুখ এবং গলা ফুলে গিয়েছিল। কর্তব্যরত চিকিৎসক তার এই উপসর্গগুলোকে ‘অ্যানাফিল্যাক্সিস’ নামে একটি অ্যালার্জিক বিক্রিয়া বলে চিহ্নিত করেন।

পরে পুলিশ জানতে পারে, প্রায় পনেরো ঘণ্টা ধরে ওই ব্যবসায়ীর মাথায় সাড়ে নয় হাজার চুল বসানো হয়েছিল। এ ঘটনার তদন্ত চলছে।