ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বাতিল, কমিশন পুনর্গঠন ও ভিসির পদত্যাগ দাবিতে কাল ধর্মঘট ডেকেছে ছাত্রদল।
সোমবার বিকাল ৫টায় ধর্মঘটের ঘোষণা করেছেন ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী ও সলিমুল্লাহ মুসলিম হল শাখার যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, পুরো নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যেহেতু ভিসি জড়িত, এবং তাদের কোনো অভিযোগই প্রশাসন কর্ণপাত করেনি, তাই ভিসির পদত্যাগ দাবি করছি।
কাল ধর্মঘট পালনের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, ২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বাচনের ভোট গ্রহণে কারচুপি, জালভোট, প্রশাসনের পক্ষপাতিত্ব ও অনিয়মের অভিযোগ তুলে ছাত্রলীগ ছাড়া অন্য সব কটি ছাত্র সংগঠন ভোট বর্জন করেছে।